যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না বলে জানিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বর্ষীয়ান এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেছিল। যুদ্ধাপরাধী, হত্যা, লুট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ করেছিলেন বঙ্গবন্ধু তাদের বিচার কাজ শুরু করলেও জিয়াউর রহমান তাদের ক্ষমা করে দিয়েছেন। তার ফলশ্রুতিতে দেশে এই ষড়যন্ত্র শুরু হয়েছে।’
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সোমবার সকালে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘আজকে দেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। পৃথিবীর একশো ভাগ মুসলমানের দেশেও ভাস্কর্য রয়েছে। যতদিন বঙ্গবন্ধু থাকবে, বাংলার মাটি থাকবে ততদিন বাঙালি জাতির হৃদয়ের মনিকোঠায় বঙ্গবন্ধু বিরাজ করবে। আজ যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা।